নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা ১১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবিধানিক অধিকার রক্ষায় দেশের সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষ্যে আজ রোববার দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, সংবিধান প্রত্যেক ধর্মের মানুষকে যে অধিকার দিয়েছে, তা রক্ষা করতে হবে। কোনো নাগরিকের অধিকার লঙ্ঘিত হলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, আমরা চাই এই দেশের সংবিধান প্রত্যেকটি ধর্মের মানুষকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার রক্ষা হোক।
এ দেশের নাগরিকগণ যে ধর্মেরই হোক না কেন, তারা তাদের অধিকার রক্ষার জন্য অত্যন্ত সচেতনভাবে কাজ করবেন এবং কোথাও কোনো ব্যত্যয় ঘটলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।
তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ধর্মের মানুষের মধ্যে হাজার বছর ধরে গড়ে ওঠা বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। দুর্ভাগ্যক্রমে কিছু মানুষ বিভিন্ন সময়ে রাজনৈতিক বা ব্যক্তিগত কারণে এ বন্ধন ভেঙে বিভাজন সৃষ্টি করেছে, যা কখনোই কাম্য নয়।
দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, আমরা এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সংগ্রাম করেছি, যেখানে মানুষের অধিকার নিশ্চিত হয়। সেই ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, তাদেরকে এমন সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে কূপমণ্ডূকতা, কুসংস্কার বা ধর্মের নামে উগ্রতার কোনো স্থান থাকবে না।
রাষ্ট্রপতি আরও বলেন, রাষ্ট্রের নাগরিকদের মধ্যে বিভক্তি সৃষ্টি হলে রাষ্ট্র দুর্বল হয়ে যায়। তাই যেকোনো পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবারের দুর্গাপূজা সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে এবং এটি নিরাপদ রাখতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং রামকৃষ্ণ মিশন পরিচালনা পর্ষদের সহ-সভাপতি সুবল চন্দ্র সাহা বক্তব্য রাখেন।