নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েই একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। এ লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও বিদেশি ভাষা শিক্ষায় দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শুধু পড়ালেখা করলেই চলবে না, প্রত্যেক শিশুকে খেলাধুলা ও শিল্পকলা চর্চায় পারদর্শী হতে হবে। তিনি বলেন, তোমরা পড়ালেখা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা আইনজীবী হবে, কিন্তু এর পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি সম্পর্কেও জ্ঞান রাখতে হবে। বিশ্বজুড়ে এগিয়ে যেতে হলে জ্ঞান ও দক্ষতার প্রতিটি ক্ষেত্রেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, “এই বাংলাদেশ তোমাদের গড়তে হবে। তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর এবং এই দেশের মালিক। তোমরা পারো, তোমরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষতা অর্জন করতে পারো।”
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন শিশু-কিশোর অংশ নিয়েছে। আগামী জুন মাসে এ আয়োজনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। দেশের ৫০০টিরও বেশি উপজেলা, পৌরসভা ও জেলা থেকে অনলাইনে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় যুক্ত রয়েছে। সরকার শিশুদের জন্য এমন পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে তারা নির্বিঘ্নে পড়ালেখা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে।
বিদেশি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ দেওয়া হবে। ছয়-সাতটি ভাষার মধ্য থেকে প্রত্যেক শিশুকে একটি ভাষা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, পড়ালেখা, খেলাধুলা ও বিদেশি ভাষায় দক্ষ হলে পৃথিবীর কোনো জাতিই তোমাদের আটকে রাখতে পারবে না।
এর আগে বিকেল পৌনে ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।