নিউজ ডেস্ক
মঙ্গলবার (৩ নভেম্বর), দুপুর ১১টা ৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস। জাতির ইতিহাসের এই বেদনাবিধুর দিনে ১৯৭৫ সালের ৩ নভেম্বর দিনগত রাতে পুরান ঢাকার তৎকালীন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। নিহতরা হলেন মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান।
জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় ১৯৭৫ সালের ৪ নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ ২১ বছর মামলার তদন্ত কার্যক্রম স্থগিত ছিল। ১৯৯৬ সালের জুনে সরকার পরিবর্তনের পর পুনরায় মামলার কার্যক্রম শুরু হয়।
ঘটনার ২৯ বছর পর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত এ মামলার রায় ঘোষণা করেন। আদালতের রায়ে আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিন জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত ১১ আসামির মধ্যে ১০ জনই এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে কেবল ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।