নিজস্ব প্রতিবেদক
রবিবার (২২ নভেম্বর) ২০২৬, বিকেল ৪টা ৩১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত এবং এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রবিবার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় সরকার জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়ন করেছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) ও রপ্তানি প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করা হবে এ নীতিমালার মূল লক্ষ্য। ২০৩৪ সালের মধ্যে অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি এসএমইগুলোকে জাতীয় উৎপাদন ও সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে।
এসএমই ফাউন্ডেশনের কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪টি জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হবে। এছাড়া আগামী পাঁচ বছরে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ এবং সৃজনশীল অর্থনীতির কর্মসূচির আওতায় বিকশিত করা হবে। স্থানীয় পণ্যের আধুনিক নকশা, গুণগত মান ও প্যাকেজিং নিশ্চিত করে আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
নারী উদ্যোক্তাদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এবারের মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী। তাদের অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ ও ব্যবসায়িক নেটওয়ার্কের বাধা দূর করতে সরকার বিশেষ উদ্যোগ নেবে।
অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এর আগে প্রধানমন্ত্রী ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মেলার উদ্বোধন করেন এবং আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন।