চৌগাছা প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের চৌগাছায় প্রতিপক্ষের হামলায় ইউনুছ আলী খান (৫৫) এবং আয়ূব আলী খান (৬০) নামে আপন দুইভাই নিহত হয়েছেন। আহত হয়েছে আরো একজন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১১ টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের টেঙ্গরপুর গ্রামে টেঙ্গুরপুর সর্দার ব্রিকসের বিপরীতে মুকুল হোসেনের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে।
তারা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে। এ ঘটনায় আয়ূব আলী খানের ছেলে আসাদুজ্জামান খান রনিকে (৩০) গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ও পুলিশ জানিয়েছেন, শ্রমিক ঠিক করা নিয়ে প্রথমে ইউনুছ আলী খানের সাথে দোকানি মুকুলের কথা কাটাকাটি হয় এবং ইউনুছকে মুকুল, বিল্লাল ও বিপুল মারপিট করে। পরবর্তীতে ইউনুছ খান বাড়িতে যেয়ে তার ভাই আইয়ুব খাঁ ও ভাতিজা আসাদুজ্জামান খানসহ মুকুলের দোকানে এসে তার প্রতিবাদ করতে গেলে মুকুল তার ভাই বিপুল, বিল্লাল ও তাদের বাবা আফজাল খান মিলে ইউনুছ খান ও তার ভাই আইয়ুব খান এবং আসাদুজ্জামান খানকে গাছি দা ও বটি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এতে ইউনুছ খান, আইয়ুব খান ও আসাদুজ্জামান খান গুরুতর জখম হয়। ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই নিহত হয় মৃত আব্দুর রহমানের ছেলে আয়ুব হোসেন। আহত হয় ছোট ছেলে ইউনুচ আলী এবং নিহত আয়ূবের ছেলে রনি (৩০)। আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নেওয়ার পথে ইউনুচ আলী মারা যায় এবং আসাদুজ্জামান খানকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল কদর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি কে বা কারা বাড়ির ভেতর প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়েছে। কিন্তু কি কারণে এ ঘটনা ঘটেছে তা স্পষ্ট করে বলা যাচ্ছেনা। তবে একটি সূত্র জানিয়েছে জমি জমা সংক্রান্ত দ্বন্দ্বের কারনে এ ঘটনা ঘটতে পারে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।