নিজস্ব প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে নগদ টাকা, স্বর্ণালংকার ও গরু লুটের মামলা হয়েছে।
রোববার (৩১ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ সদর আমলী আদালতে এই মামলা দায়ের করেন, সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দক্ষিণ চরি মির্জাপুর গ্রামের মৃত ফজর মন্ডলের ছেলে মো. শাহ জামাল (৫৫)।
জানা গেছে, একটি বিয়ে বিচ্ছেদকে কেন্দ্র করে ইউপি কার্যালয়ের একটি কক্ষে বাবা ও ছেলেকে আটকে রেখে হুমকি ও ভয়ভীতি দেখানোর পর বাড়িতে লুটপাট করার অভিযোগে এই মামলা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর আমলী আদালতের জৈষ্ঠ বিচারক মো. নাজমুল হোসেন মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিআইবিকে তদন্তভার দেন। মামলা নম্বর-৭৩৮/২২ (নবাবগঞ্জ)।
মামলায় গোবরাতলা ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম টিপুকে প্রধান আসামী, দ্বিতীয় আসামী গোবরাতলা ইউপি সদস্য মো. নুরুল ইসলাম, গোবরাতলা ইউনিয়নের মুনসেফপুর গ্রামের মৃত আলতাস আলীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম আলী, মো. হবু আলী, শারিফ আলি, মৃত সদর আলীর ছেলে মো. ফারুক আলী, মোহাম্মদ ওসমান আলী, মৃত মফিজুল ইসলামের ছেলে আলী আহসান, মৃত দাউদ আলীর ছেলে ইউনুস আলী, হবু আলীর ছেলে আহাদ আলী, মৃত সদর আলী মেয়ে মোসা. মোসলেমা, মোসা. রোকেয়া বেগমসহ অজ্ঞাত ৪-৫ জন।
বাদীর আইনজীবী মো. দেলুয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি সূত্রে জানা গেছে , বাদী শাহ জামালের ছেলে জসিম উদ্দিনের সাথে ২০২১ সালের ২৫ এপ্রিল পারিবারিকভাবে বিয়ে হয় একই ইউনিয়নের মুনসেফপুর গ্রামের মোসলেমা খাতুনের সাথে। পারিবারিক বনিবনা না হওয়ায় সংসার জীবনের এক বছর পর গত ৩১মে জসিম উদ্দিন স্ত্রী মোসলেমা তালাক দেন । তালাক নিষ্পত্তির জন্য ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু গত ১৯ জুলাই ইউনিয়ন পরিষদ ভবনে সালিসের আয়োজন করেন।
সালিসে বউ তালাক দেয়ায় ইউপি চেয়ারম্যান টিপু জসিম কে ২ লাখ টাকা ৩ হাজার টাকা জরিমানা করেন । সালিশে অতিরিক্ত জরিমানা করায় দিতে অস্বীকৃতি জানালে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখ হয় জসিম ও তার বাবা শাহ জামালকে। পরে ১০০ টাকার স্ট্যাম্পে সাক্ষর দিতে না চাইলে অবশেষে তাদেরকে ছেড়ে দেন চেয়ারম্যান টিপু।
এর পর গত ২৫ জুলাই ভোর ৫টা ৩০ মিনিটের দিকে চেয়ারম্যান ও মেম্বারের নির্দেশে অন্য আসামীরা শাহ জামালের বাড়িতে হামলা করে।
মামলার বাদী শাহ জামাল জানান, লুটপাটের সময় তারা ঘরের দরজায় তালা মেরে বাড়ির উঠানে থাকা ২ লাখ ৮০ হাজার টাকা দামের দু’টি গরু, ছেলের বউ জেসমিন আখতারের গলায় ও কানে থাকা ১০ আনা স্বর্ণের মালা, ৬ আনা ওজনের দু’টি কানের দুল যার আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা নিয়ে যায়। যার । এছাড়াও দুটি স্মার্টফোন, বিছানার নিচে থাকা ৪৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে নানারকম ভয়ভীতি দেখায় তারা।
শাহ জামালের ছেলে ও মামলার সাক্ষী জসিম উদ্দিন জানান, ইউপি চেয়ারম্যান জোরপূর্বক জরিমানা চাপিয়ে দেয়। জরিমানা দিতে না পারলে আমার বাবা ও ভাইকে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখে। তার নির্দেশে ঘুমন্ত অবস্থায় আমাদের বাড়িতে হামলা করা হয়। লুটপাটের সময় আমি ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলাম। তারা আমি যেন বের হতে না পারি, সে কারনে আমার ঘরের দরজায় তালা মেরে দেয় ।
বাদীর আইনজীবী মো. দেলুয়ার জাহান বলেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন। তদন্তের জন্য পিবিআই-কে দায়িত্বভার দেয়া হয়েছে।
মামলার প্রধান আসামী ও গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু বলেন, আমার বিরুদ্ধে মামলার বিষয়টি শুনেছি। এবিষয়ে সরাসরি কথা বলব। পরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি ইউপি চেয়ারম্যান টিপু।
এবিষয়ে রাজশাহী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিআইবি’র অতিরিক্ত সুপার (তদন্ত) আবুল কালাম আজাদ মুঠোফোনে জানান, আদালতের নির্দেশনার অনুলিপি এখনও আমাদের কাছে আসেনি। আদেশের অনুলিপি পেলে তদন্ত সাপেক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।