কিশোরগঞ্জ প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চাচার সাথে নৌকা বাইচ দেখতে গিয়ে আর মায়ের কোলে ফেরা হলোনা শিশু ইয়াছিনের (৭) । নৌকা ডুবিতে চাচা-ভাতিজা একই সাথে নিহত চাচা-ভাতিজার লাশ উদ্ধার হয়েছে।
গত সোমবার(১৯ সেপ্টম্বর) কিশোরগঞ্জের হোসেনপুরের সাহেবচরে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ হন চাচা-ভাতিজা।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে ৬টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদে ব্রিজের কাছে তাদের লাশ ভেসে ওঠে।
তারা হচ্ছেন – ময়মনসিংহ জেলার পাগলা থানার চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত (১৬) ও একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
হোসেনপুর থানার পরিদর্শক আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার সকালে ব্রিজের কাছে দুইজনের লাশ ভেসে ওঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করা হয়।
প্রতি বছরের মতো এবার ও সিদলা ইউনিয়ন আওয়ামী লীগ সোমবার বিকালে সাহেবের চর গ্রামের পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। সেদিন বিকেল পৌনে ৬টার দিকে দুটি নৌকা ডুবির ঘটনা ঘটে এতে ওই দুইজনসহ তিনজন নিখোঁজ হয়।