অনাথ মন্ডল, শ্যামনগর।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরার শ্যামনগরে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে কৃষ্ণ দাশ (১৮) নামের এক সেলুন কর্মী নিহত হয়েছেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকালে আনুমানিক ৫.৩০ মিনিটে উপজেলার শ্যামনগর নওয়াবেঁকী সড়কের চুনার ব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত কৃষ্ণ দাস উপজেলার ঈশ্বরীপুর গ্রামের অশোক দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষ্ণ ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে নওয়াবেঁকী বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৮৪৭৯) সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক চাপায় কৃষ্ণ দাস ঘটনাস্থলেই নিহত হন। তবে, এ সময় ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়। ঘটনাস্থলে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি ছিটকে পার্শ্ববর্তী মৎস্য ঘেরের মধ্যে পড়ে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।