টেলিগ্রাফ বাংলাদেশ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলসীমা অতিক্রম করায় ভারতের কোস্ট গার্ডের হাতে আটক হয়েছেন বাংলাদেশের অর্ধশতাধিক জেলে। গত দুই সপ্তাহ ধরে ধাপে ধাপে এসব জেলেকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্বজনদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যাদের মধ্যে অনেকেই কুয়াশা ও বৈরি আবহাওয়ার কারণে দিকভ্রান্ত হয়েছিলেন।
পরিবারের সদস্যরা জানান, ভোলার লালমোহন, কক্সবাজারের কুতুবদিয়া ও বাঁশখালীর জেলেরা আটক হয়েছেন। এর মধ্যে ১০ নভেম্বর নিখোঁজ হওয়া ভোলার ১৩ জেলে ২১ দিন পর সোমবার ভারতের কারাগার থেকে ভিডিও কলের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। নিখোঁজ স্বজনদের বেঁচে থাকার খবর পাওয়ায় জেলে পরিবারগুলোতে স্বস্তি ফিরেছে।
৩০ নভেম্বর ভারতীয় গণমাধ্যম ‘দি হিন্দুর’ প্রতিবেদন অনুসারে, পশ্চিমবঙ্গ উপকূলে অভিযান চালিয়ে কুতুবদিয়া থেকে যাওয়া ‘এমবি আল্লাহ মালিক’ ট্রলারের ১৫ জেলেকে ‘অবৈধ অনুপ্রবেশের’ অভিযোগে আটক করা হয়। এর আগে ১৯ নভেম্বর কুয়াশা এবং ইঞ্জিন বিকল হওয়ার কারণে আরও প্রায় ৫৪ জন জেলেকে আটক করা হয়েছিল।
আটকদের মধ্যে অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাদের স্বজনরা দ্রুত সরকারি উদ্যোগ কামনা করেছেন। তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও চেয়েছেন।
এ বিষয়ে কুতুবদিয়ার ইউএনও ক্যথোয়াইপ্রু মারমা জানিয়েছেন, আটকদের পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হয়েছে এবং ফেরানোর প্রক্রিয়া এগোচ্ছে। কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান বিষয়টি মন্ত্রণালয়ে জানিয়েছেন এবং দ্রুত সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। দুই দেশের কোস্ট গার্ড ও প্রশাসনিক পর্যায়ের আলোচনার মাধ্যমে অতীতেও বন্দি জেলেরা দেশে ফিরেছেন।