আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
‘বিশ্বের সবচেয়ে পরিষ্কার বায়ুর শহর’ হিসেবে খ্যাতি পাওয়া রাজশাহী পরিণত হয়েছে দেশের সবচেয়ে দূষিত নগরীতে। বৃক্ষ নিধন, জলাশয় ভরাট আর বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থার কারণে দিন দিন বাড়ছে বায়ুদূষণ।
‘স্মার্ট সিটি’ রাজশাহীর আইটি পার্কের ঠিক সামনে সিটি কর্পোরেশনের লেকটি এখন ভাগাড়ে পরিণত হয়েছে। যেখানে থাকার কথা বিশুদ্ধ পানি, সবুজ পরিবেশ ও হাঁটার পথ—সেখানে জমে আছে প্লাস্টিক, রান্নার বর্জ্য, পশুর মলমূত্রসহ নানান আবর্জনা।
অভিযোগ উঠেছে, আশপাশের বিভিন্ন বাসা-বাড়ি থেকে প্রতিদিন গৃহস্থালির আবর্জনা ফেলে দেওয়া হচ্ছে সরাসরি লেকে। শুধু তাই নয়, লেকের পাশে গরু-ছাগল বাঁধা রাখায় বর্জ্য সরাসরি পানিতে মিশে পরিবেশ আরও দূষিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, “আগে এখানে মানুষ হাঁটতে আসতো। এখন দুর্গন্ধে দাঁড়ানোই যায় না। কেউ নজর দেয় না।”
লেকের চারপাশে গড়ে উঠেছে ছোট ছোট অবৈধ স্থাপনা। কেউ ব্যবসা করছেন, কেউ দখল করে বসবাসও করছেন। ফলে পথচারীরা অসুবিধায় পড়ছেন, নষ্ট হচ্ছে আইটি পার্ক এলাকার নান্দনিকতা। “আইটি পার্ক দেশের প্রযুক্তির প্রতীক। এর সামনে এমন নোংরা পরিবেশ নগরীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।”
স্থানীয়রা বলছেন, সিটি কর্পোরেশনে অভিযোগ করেও তারা কোনো কার্যকর উদ্যোগ দেখতে পাননি। তারা দ্রুত পরিষ্কার কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা এবং নজরদারি জোরদারের দাবি জানান।
স্থানীয়দের দাবি:
🔸 লেক পরিষ্কার
🔸 বর্জ্য ব্যবস্থাপনা
🔸 অবৈধ স্থাপনা উচ্ছেদ
🔸 পশু বেঁধে রাখা নিষিদ্ধ করা হোক।
এ বিষয়ে সিটি কর্পোরেশন দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা স্থানীয়দের। না হলে নগরীর পরিবেশ, স্বাস্থ্য ও পর্যটনের ওপর পড়তে পারে নেতিবাচক প্রভাব।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু বলেন, “এরকম থাকার কথা না। বিষয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন বিভাগকে জানাচ্ছি, তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”