মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রোববার (১৪ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেনের নেতৃত্বে অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘনের দায়ে দণ্ডাদেশ দেওয়া হয়।
জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো—সুখছড়ি, আমিরাবাদের মেসার্স শাহপীর ব্রিকস ওয়ার্কসকে ৫০ হাজার টাকা, মেসার্স বি.কে.বি ব্রিকস ম্যানুফ্যাকচারারকে ১ লাখ টাকা এবং মেসার্স শাহ আবদুল মান্নান ব্রিকস ম্যানুফ্যাকচারারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল উপস্থিত ছিলেন। অভিযানে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সহযোগিতা করে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।