টেলিগ্রাফ রিপোর্ট | বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে জামায়াতে ইসলামীর তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সম্প্রতি বিএনপি চেয়ারপারসন তারেক রহমান প্রশ্ন তুলেছেন, যদি চারদলীয় জোট সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে সেই সময়ে জামায়াতের ওই দুই নেতা কেন পদত্যাগ করেননি। এ প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডা. শফিকুর রহমান নিজের দলের অবস্থান ব্যাখ্যা করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জামায়াতের ওই দুই শীর্ষ নেতা বিভিন্ন সময় তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি দাবি করেন, তাঁদের দায়িত্ব পালনকালে রাজনৈতিক প্রতিপক্ষ, সমালোচক কিংবা বিরোধীরাও কখনো দুর্নীতি, অসততা বা স্বজনপ্রীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বর্তমানে কেউ কেউ প্রশ্ন করছেন—যদি জামায়াতের নেতারা সৎ হয়ে থাকেন, তাহলে তারা কেন তখন সরকার ছেড়ে আসেননি। এর জবাবে তিনি বলেন, মন্ত্রিত্ব না ছাড়ার মূল কারণ ছিল অন্তত তিনটি মন্ত্রণালয়কে দুর্নীতির কবল থেকে রক্ষা করা। তাঁর ভাষায়, এর মাধ্যমে জনগণ যেন সৎ প্রশাসনের একটি দৃষ্টান্ত দেখতে পারে এবং মানুষের মধ্যে আস্থা তৈরি হয় যে ভালো মানুষের হাতেও রাষ্ট্র পরিচালনা সম্ভব।
এর আগে তারেক রহমান এক বক্তব্যে বলেন, বর্তমানে একটি রাজনৈতিক দল পলাতক স্বৈরাচারের ভাষা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। তিনি উল্লেখ করেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওই দলের দুই নেতা বিএনপির সরকারের অংশ ছিলেন। বিএনপি যদি খারাপ হয়ে থাকে, তাহলে তারা কেন তখন পদত্যাগ করেননি—এ প্রশ্নও তোলেন তিনি।
#আরএ