বেড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পাবনার বেড়া উপজেলায় ফজলু রহমান নামে এক রিকশাচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার বড়শিলা গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফজলু রহমান (৫৫) বেড়া পৌরসভার হাতিগাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আ. মান্নানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে বড়শিলা গ্রামের একটি ধানক্ষেতে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশেই তার ব্যবহৃত রিকশাটি অক্ষত অবস্থায় পাওয়া যায়।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে তাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।
তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।