বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নে বিড়ির ধোঁয়া গায়ে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) ইফতারের আগমুহূর্তে ইউনিয়নের নাজিরা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেলে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে রোজাদার ছাবিদ মিয়ার সামনে আলাল মিয়া বিড়ি খাওয়ার সময় ধোঁয়া ছুড়ে দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ উত্তেজিত হয়ে পড়ে।
পরে ইফতারের আগমুহূর্তে নিজ এলাকায় ফিরে ছাবিদ গোষ্ঠী ও আলাল গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব বিশ্বাস জানান, ইফতারের সময় খবর পেয়ে পর্যাপ্ত পুলিশ সদস্য পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।