কুড়িগ্রাম প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করলা চুরির অভিযোগে এক নারীকে গাছে বেঁধে পিটিয়েছেন তার স্বামী। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে, যা স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
ভুক্তভোগী ছালেহা বেগম (৪০) একই উপজেলার ছোটধনতোলা এলাকার বাসিন্দা এবং বদিয়া মিয়ার স্ত্রী। অভিযোগ রয়েছে, ওই দিন সকালে স্থানীয় কৃষক ফরহাদ হোসেনের জমি থেকে করলা চুরি করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
জমির মালিক ফরহাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে তার জমি থেকে করলা চুরি হচ্ছিল। মঙ্গলবার সকাল ৭টার দিকে গোপনে নজরদারির সময় ছালেহা বেগমকে এক বস্তা করলাসহ আটক করা হয়। পরে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।
এরপর সকাল ৯টার দিকে ঘটনাস্থলে এসে বদিয়া মিয়া তার স্ত্রীকে গাছে বেঁধে লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন বলেন, “হাতেনাতে করলাসহ ওই নারীকে আটক করা হয়েছিল। পরে তার স্বামী এসে তাকে শাসন করে বাড়ি নিয়ে যান।”
এদিকে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী জানান, তিনি ঘটনার বিস্তারিত এখনো জানেন না, তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে শাস্তি হিসেবে দেখলেও, অনেকে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।