যশোর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় চিকিৎসকের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয় বলে জানিয়েছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
বিজিবির ভাষ্য, গাড়ির হেডরেস্টের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ছিল ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার। এ ঘটনায় আটক করা হয়েছে শার্শার রাজনগরের রনি, চৌগাছার উত্তর কঢারপাড়ার আব্দুল গনি এবং যশোর সদরের বাগডাঙ্গা গ্রামের ইসরাইলকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
অভিযানে স্বর্ণের বার ছাড়াও একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা। গাড়ি ও অন্যান্য মালামালসহ মোট জব্দমূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে