নিজস্ব প্রতিবেদক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম জানান, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ছিল। রাত দুইটা থেকে তিনটার দিকে এক রোগীর অনুরোধে ওয়ার্ডের এসি প্রায় এক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। এরপর কয়েকটি শিশুর শ্বাসকষ্ট দেখা দেয়।
পুলিশ জানায়, ভোরের দিকে শিশুদের অবস্থার অবনতি হলে তাদের নিউ নেটাল আইসিইউতে নেওয়া হয়। সেখানে দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়। মৃত শিশুদের বয়স ছিল এক থেকে দুই দিন।
ঘটনার পর হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বলেন, ওয়ার্ডটিতে সাধারণত সিজারের পর মা ও নবজাতকদের রাখা হয়। তিনি জানান, রাতে দুটি শিশু অসুস্থ বোধ করলে চিকিৎসক তাদের পরীক্ষা করেন এবং পরে আবার ওয়ার্ডে পাঠানো হয়। তবে ভোরের দিকে শিশুদের অবস্থার আরও অবনতি ঘটে।
এদিকে ঘটনাস্থলে পুলিশের ক্রাইমসিন ইউনিটসহ তদন্ত দল কাজ করছে। কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।