নিজস্ব প্রতিবেদক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস হত্যার আলোচিত মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সোহেল রানা ও স্বপ্না আক্তার। রায় ঘোষণার সময় তাদের আদালতে উপস্থিত রাখা হয়। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে তাদের আদালতে আনা হয়।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীতে প্রতিবেশীর ফ্ল্যাটে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার শিকার হয়। পরে তার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় শিশুটিকে ধর্ষণ, হত্যা এবং মরদেহ গুমের উদ্দেশ্যে খণ্ড-বিখণ্ড করার অভিযোগ আনা হয়।
রাষ্ট্রপক্ষ আদালতে ফরেনসিক তথ্য, আলামত ও আসামিদের বক্তব্য উপস্থাপন করে সর্বোচ্চ শাস্তি দাবি করে। আদালত মাত্র ১৬ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ও বিচারিক কার্যক্রম শেষ করে রায় ঘোষণা করে।
মামলায় চার্জশিটভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দেন। তাদের মধ্যে ছিলেন নিহত শিশুর পরিবারের সদস্য, তদন্ত কর্মকর্তা, সুরতহাল প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা এবং ফরেনসিক চিকিৎসক।
ময়নাতদন্ত প্রতিবেদনে শিশুটির শরীরে নির্যাতনের চিহ্ন এবং ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যুর তথ্য উঠে আসে। একইসঙ্গে ফরেনসিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায় বলে আদালতে জানানো হয়।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, ঘটনার পর আসামিরা আলামত নষ্টেরও চেষ্টা করেছিল।