শ্রীমঙ্গল সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে চা শ্রমিক, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এবং দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সমাবেশস্থল পূর্ণ হয়ে গেছে।
বুধবার দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে নির্ধারিত সময়ের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ও রোগীদের মধ্যে সহায়তার চেক বিতরণেরও কথা রয়েছে। এ কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, চা শ্রমিকরা দল বেঁধে সমাবেশস্থলে আসছেন। মাঠের একপাশে উপকারভোগীদের বসার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রঙের পোশাকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন চা শ্রমিক জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার সব চা বাগান বন্ধ রাখা হয়েছে। তারা বাগানের গাড়িতে করে সমাবেশে এসেছেন এবং প্রধানমন্ত্রীকে একনজর দেখতে চান।
চা শ্রমিক পূর্ণিমা রেলি ও জাদব বলেন, প্রধানমন্ত্রীর কাছে তাদের প্রধান প্রত্যাশা হলো ভূমির অধিকার নিশ্চিত করা।