নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগকে জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি দক্ষ, আত্মবিশ্বাসী ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পাঠ্য শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আগামীকাল অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, শিক্ষাখাতকে আধুনিক ও সময়োপযোগী করতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, ব্যবহারিক ক্লাস ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের এসব ক্রীড়া কার্যক্রমে অংশ নিতে হবে, যা মাদকাসক্তি ও মোবাইল ফোন আসক্তির মতো সামাজিক সমস্যা প্রতিরোধে সহায়ক হতে পারে।
তিনি আরও বলেন, টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৯ লাখ ৪৯ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ রয়েছে। এ বছর সারা দেশে বালক ও বালিকা দল মিলিয়ে ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের উজ্জ্বল মুখ হয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরবে।