নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে কুয়ালালামপুর পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় রোববার রাত ৮টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান।
মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে বিশেষ মোটর শোভাযাত্রায় তাকে ও সফরসঙ্গীদের কুয়ালালামপুরের ‘শাংগ্রি লা’ হোটেলে নিয়ে যাওয়া হয়।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম মালয়েশিয়া সফর। সোমবার পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার একান্ত বৈঠক এবং পরে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সফরকালে পর্যটন ও সংস্কৃতি খাতে সহযোগিতা জোরদারে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে।