নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশের ১৭ জেলায় আগামী কয়েক দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবার প্রকাশিত এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় কয়েকটি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় বন্যার আশঙ্কা রয়েছে। গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা এবং সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।
এ ছাড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলায়ও বন্যার ঝুঁকির কথা বলা হয়েছে। সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই নদীর পানি আগামী তিন দিনে দ্রুত বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে।
রংপুর বিভাগের নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলাও ঝুঁকির মধ্যে রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। পাশাপাশি আগামী ৭২ ঘণ্টায় ধরলা ও দুধকুমার নদী সতর্কসীমায় পৌঁছাতে পারে, ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।