প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বুধবার (২৩ সেপ্টেম্বর), বিকেল ৩টা ৩৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি মোংলা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, পায়রা থেকে ৭৫০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৮০ কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তরও একই সম্ভাবনার কথা জানিয়েছে।
গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি সাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় সংশ্লিষ্টদের নিয়মিত বুলেটিন অনুসরণ করতে বলা হয়েছে। বিশেষ করে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকেন্দ্রিক নৌযান এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।