মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
মঙ্গলবার (১৮ আগস্ট), রাত ৮টা ৪৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মাদক, ইভটিজিং, জুয়া, বাল্যবিবাহ ও চোরাচালানসহ সামাজিক অপরাধ নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম। মঙ্গলবার উপজেলার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন ও রানীখং উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পৃথক সচেতনতামূলক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে এসপি মো. তরিকুল ইসলাম বলেন, মাদক, অনলাইন জুয়া, চুরি এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজকে ধ্বংসকারী এসব অপরাধ নির্মূলে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে অপরাধ দমনে অভিভাবকদের সচেতনতা সবচেয়ে জরুরি বলে তিনি মন্তব্য করেন।
নারীদের নিরাপত্তা বিঘ্নিতকারী ইভটিজিং এবং চাঁদাবাজিকে কঠোর হস্তে দমন করা হবে। একটি মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ বন্ধে আমাদের অনড় থাকতে হবে। অপরাধী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, যেকোনো মানসিক সংকটে আত্মহত্যার পথ বেছে না নিয়ে জীবনকে ভালোবাসতে শিখতে হবে। সাধারণ মানুষকে নির্ভয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান তিনি। পুলিশ একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।
এই আয়োজনে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।