বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় মাদক, অনলাইন জুয়া, মোবাইল আসক্তি ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার মানোন্নয়নে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২২ আগষ্ট) সকাল ১০টায় বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার। প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিকুর রহমান, সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ সিদ্দিকুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, পৌর জামায়াতের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি আব্দুল হকসহ অনেকে।
বক্তারা বলেন, মাদক, অনলাইন জুয়া ও অতিরিক্ত মোবাইল আসক্তি শিক্ষার্থী ও তরুণ সমাজের ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ বন্ধে অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। শিক্ষার পরিবেশ উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো জরুরি।
সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।