নিজস্ব প্রতিবেদক, রংপুর
রবিবার (২৩ আগস্ট) ২০২৬, সকাল ৯টা ৪২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রংপুর নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া গ্রামের একটি তিনতলা ভবন থেকে অবসরপ্রাপ্ত এক শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ওই ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৮) ও ছেলে আয়ুশ চক্রবর্তী (১৪)।
স্থানীয়রা ঘরের ভেতর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। পরিবারটি ওই ভবনের দ্বিতীয় তলায় বসবাস করত। বর্তমানে ভবনটি সিআইডি ও মহানগর পুলিশ ঘিরে রেখে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, পারিপার্শ্বিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে এই হত্যার ঘটনা ঘটেছে।
রংপুর সিআইডির দায়িত্বরত কর্মকর্তা (ইনচার্জ) সুমিত চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন,
আমরা যা দেখলাম, তাতে মনে হচ্ছে এটি ডাকাতির ঘটনা। বাসার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ছিল এবং আলমারিসহ বিভিন্ন স্থান ভেঙে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, গলায় রশি বা গামছা পেঁচিয়ে তাদের হত্যা করা হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে বিভিন্ন আলামত সংগ্রহ করছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে।