প্রতিনিধি
রবিবার (২৩ আগস্ট), রাত ৯টা ১৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পাওয়ার অভিযোগে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনায় ৫৮ বস্তা সার উদ্ধার করেছে প্রশাসন। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শাহ আমানত ট্রেডার্সের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। কৃষি বিভাগের তথ্যমতে, গুদামে থাকা মোট ৩৪২ বস্তা সারের মধ্যে ২০২ বস্তা ইউরিয়া ও ২৩ বস্তা পটাশ নিয়ে যান ক্ষুব্ধ কৃষকরা।
ঘটনার পর বিকেলে কৃষি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহযোগিতায় ৫৮ বস্তা সার উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি সার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, “কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে পাশের ইউনিয়ন থেকেও সার এনে দেওয়া হবে। তবে এভাবে গুদাম থেকে সার নিয়ে যাওয়া কাম্য নয়।”
এদিকে একই এলাকায় পাগলারহাট বাজারের একটি বিএডিসি ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। কৃষক ছাড়া অন্য ব্যক্তির কাছে সার বিক্রির অভিযোগে ডিলার নুর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “কৃষকরা গুদাম থেকে সার নিয়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ জানান, গুদাম থেকে নিয়ে যাওয়া সার উদ্ধারে পুলিশ, প্রশাসন ও স্থানীয় লোকজন সহযোগিতা করছেন। উদ্ধার হওয়া সার পরবর্তীতে কৃষকদের মধ্যে চাহিদা অনুযায়ী বিতরণ করা হবে।