নজরুল ইসলাম, যশোর
২৪ আগস্ট ২০২৬, বিকেল ৫টা ০২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরে ১৭ কোটি টাকার কথিত প্লাটিনাম দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে শরিফুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। ঢাকার রমনা এলাকা থেকে তাকে আটকের পর সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। আটক শরিফুল সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী সোহরাব হোসেন পিন্টু ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের সিটি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার এজেন্ট। গত রোববার রাতে তিনি ঝিকরগাছা থানায় এ ঘটনায় একটি মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সোহরাব হোসেনের কর্মচারী মামুনের পূর্বপরিচিত শরিফুল ইসলাম দাবি করেন, তাদের কাছে ১৭ কোটি টাকা মূল্যের একটি প্লাটিনাম ধাতব পদার্থ আছে।
অভিযোগে বলা হয়, গত ১০ আগস্ট শরিফুলসহ কয়েকজন সোহরাব হোসেনের বাড়িতে গিয়ে ধাতব পদার্থটি বিক্রির প্রস্তাব দেন। এটি সংগ্রহের জন্য ৭২ লাখ টাকা প্রয়োজন বলে জানানো হয় এবং ১৭ কোটি টাকায় বিক্রির পর লাভের অংশ দেওয়ার প্রলোভন দেখানো হয়। এই ফাঁদে পা দিয়ে বাদী বিভিন্ন মাধ্যমে ৬৭ লাখ ৩০ হাজার টাকা আসামিকে প্রদান করেন।
গত ১৯ আগস্ট কথিত ধাতব পদার্থটি নিতে বাদী সাতক্ষীরায় গেলে শরিফুল তাকে একটি প্লাস্টিকের বক্স দিয়ে দ্রুত চলে যান। বাড়িতে ফিরে বক্স খুলে বাদী ভেতরে একটি ইটের টুকরা দেখতে পান। প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে তিনি যশোর জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শরিফুলকে আটক করে। সোমবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।