মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার (২৫ আগস্ট), দুপুর ২টা ৪১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে ইয়াবাসহ মাসুদ (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর হরিণা ঘাটিয়ার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ ওই এলাকার মাহমুদুল হকের ছেলে এবং স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আধুনগরের উত্তর হরিণা ঘাটিয়ার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় মাদক কারবারে সম্পৃক্ততার অভিযোগে মাসুদকে আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের ভাষ্য, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হলেও বিভিন্ন কৌশলে ইয়াবা বেচাকেনা চলছিল। মাসুদের আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানান।
উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই মাসে আধুনগরের নির্মাণাধীন রেললাইনে ইয়াবা বেচাকেনার সময় মাসুদ রানাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে ওঠা বর্তমান অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুল্লাহ বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসা ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না।”