নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (২৫ আগস্ট), দুপুর ১২টা ১০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে ৪৪ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ ময়ুর (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এই অভিযান পরিচালনা করে। এ সময় ১৯২.৪৫ গ্রাম ওজনের স্বর্ণের বার ছাড়াও একটি স্মার্টফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
আটক ময়ুর মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল গ্রামের ধলু মিয়ার ছেলে। বিজিবি জানায়, আটক ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বার দুটি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে স্বীকার করেন।
বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা স্বর্ণের বাজারমূল্য ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬ টাকা। স্মার্টফোন ও নগদ অর্থসহ জব্দ করা মালামালের মোট মূল্য ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ ও পাচারকারী আটকের লক্ষ্যে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।”