স্টাফ রিপোর্টার, যশোর
বুধবার (২৬ আগস্ট), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শামীম রেজাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে তপসীডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গত ৩১ জুলাই রাতে রাজারহাট রামনগর পিকনিক কর্নার-সংলগ্ন একটি গরুর খামারের সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৮০ থেকে ২০০ নেতা-কর্মী মশাল মিছিল বের করেন। সরকার বিরোধী স্লোগান দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শামীম রেজা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারী হিসেবে পরিচিত। গত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে জেলা শ্রমিক লীগ নেতা সেলিম রেজা পান্নুকে পরাজিত করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
শামীম রেজা যশোর সদর উপজেলার মাহিদিয়া এলাকার মৃত আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে।