মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
বুধবার (২৬ আগস্ট), রাত ৯টা ৩ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে রোপণ করা ৩৫টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে কলমাকান্দা-নেত্রকোণা আঞ্চলিক সড়কের বাবনি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়াতে গত ৫ আগস্ট ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে সড়কটির পাশে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। বুধবার সকালে বাবনি এলাকায় রোপণ করা ৩৫টি চারা উপড়ে ফেলা অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
কলমাকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম বলেন, “ডেপুটি স্পিকারের নির্দেশনায় আমরা সড়কের পাশে বৃক্ষরোপণ করেছিলাম। রাতের আঁধারে গাছের চারা ও বেড়া উপড়ে ফেলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। একটি মহল জনকল্যাণমূলক এই উদ্যোগ সহ্য করতে না পেরে এমন ঘটনা ঘটিয়েছে।”
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”