মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়ায় কে বা কারা বিষ প্রয়োগ করে এক তরুণ কৃষকের প্রায় ১৬ লাখ টাকার সবজি ক্ষেত নষ্ট করে দিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম কলাউজান ইউনিয়নের হাছন মিয়াজি পাড়ার বিলে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে ক্ষেতে গিয়ে সব গাছ ঝলসে যেতে দেখে নিঃস্ব হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক নজরুল ইসলাম।
নজরুল ইসলাম লোহাগাড়ার উত্তর কলাউজান ইউনিয়নের মৃত ইসলাম সওদাগরের ছেলে। তিনি ৭৮ শতক জমি ১০ বছর মেয়াদি চুক্তিতে ইজারা নিয়ে আধুনিক পদ্ধতিতে টমেটো, শসা, মূলা ও বেগুনসহ বিভিন্ন আগাম সবজি চাষ করেছিলেন। কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রাথমিক হিসাবে, এ ঘটনায় তার প্রায় ১৬ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক নজরুল ইসলাম বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। তিলে তিলে কঠোর পরিশ্রম করে এবং ঋণ নিয়ে আমি এই ক্ষেত গড়ে তুলেছি।”
ঘটনার বিষয়ে লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম বলেন, “যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় এনে শাস্তির জন্য যা যা করা প্রয়োজন, কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এমন গর্হিত ও অমানবিক ঘটনায় আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।”
নজরুল ইসলাম জানান, তিনি জড়িতদের শনাক্ত ও বিচার চেয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। লোহাগাড়া উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে গড়ে তোলা এই ক্ষেতটি ধ্বংস হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।