নিউজ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৬, বেলা ১১টা ৩৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। দিবসটি উপলক্ষ্যে আজ সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বাণীতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এটি বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার দিন।
তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া আগামী ৫ সেপ্টেম্বর বেলা ৩টায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এর আগে গত বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পাঁচ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণসহ বিভিন্ন আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।