নিউজ ডেস্ক
রবিবার (৬ সেপ্টেম্বর) ২০২৬, রাত ৯টা ৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় শিশু ও কিশোর-কিশোরীসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। রোববার (৬ সেপ্টেম্বর) সরকারি রেডিও নেটওয়ার্ক আরসিভি এ তথ্য নিশ্চিত করেছে।
সাও ফিলিপে শহরের বেসামরিক সুরক্ষা প্রধান হোসে কানুতো জানান, দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পিকো দো ফোগো আগ্নেয়গিরির জ্বালামুখের ভেতরে অবস্থিত ‘চা দাস কালডেইরাস’ গ্রাম পরিদর্শনের উদ্দেশ্যে ৩২ জন যাত্রী নিয়ে বাসটি রওনা হয়েছিল। ভ্রমণ শেষে সাও ফিলিপে শহরে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যানটি রাস্তা থেকে ছিটকে একটি গভীর ও দুর্গম পাথুরে গিরিখাতে পড়ে যায়।
নিহতদের মধ্যে বাসের চালকও রয়েছেন। জানা যায়, তিনি প্রতি বছর স্কুল চলাকালীন শিক্ষার্থীদের উৎসাহ দিতে এই দর্শনীয় স্থানে ভ্রমণের আয়োজন করতেন। দুর্গম পাথুরে উপত্যকায় গাড়িটি দুমড়ে-মুচড়ে পড়ে থাকায় জরুরি সেবা কর্মীদের রাতভর উদ্ধার অভিযান চালাতে হয়।
রোববার ভোরে নিহতদের মধ্যে সাতজনকে দাফন করা হয়েছে। আরসিভি জানায়, বাকিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পর দাফন সম্পন্ন করা হবে। সাধারণত যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় কেপ ভার্দেতে এ ধরনের বড় সড়ক দুর্ঘটনা বেশ বিরল। এই ঘটনায় পুরো দ্বীপপুঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।