নিউজ ডেস্ক
রবিবার (২৭ সেপ্টেম্বর), ২০২৬ | বেলা ১১:২২
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইরানের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান জানিয়েছিল, প্রস্তাবটি গ্রহণ করা হলে এক সপ্তাহের মধ্যে জাহাজ চলাচলের জন্য কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব।
শনিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করছি। তারা এমন একটি চুক্তি করতে চায়, যার মাধ্যমে অবিলম্বে প্রণালিটি খুলে দেওয়া হবে, কারণ তারা খুব খারাপভাবে হেরে যাচ্ছে। তারা একটি চুক্তি করতে চায় এবং আমি মনে করি, সেটি ভালো। আমিও চুক্তি করতে পছন্দ করি।”
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সিবিএস নিউজকে বলেন, দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সঙ্গে সমন্বয় করে এই প্রস্তাব তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, “তারা যেদিন এটি গ্রহণ করবে, সেদিন থেকেই প্রক্রিয়া শুরু হবে।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, তেহরানের পরিকল্পনায় লেবাননসহ মধ্যপ্রাচ্যে সব ধরনের শত্রুতা বন্ধের প্রস্তাব রয়েছে। তিনি বলেন, “ইরান কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা পৌঁছে দিয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে প্রণালিটি পুনরায় খুলে দেওয়া এবং স্বাভাবিক নৌ চলাচল পুনঃস্থাপন করা সম্ভব।”
হরমুজ ঘিরে সংঘাত
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রায় সাত মাস ধরে চলা এই সংঘাত বর্তমানে অচলাবস্থায় রয়েছে। এর আগে জুন মাসে উভয় দেশ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেও তা দ্রুত ভেঙে পড়ে।
নিরাপত্তা ও সার্বভৌমত্বের কারণ দেখিয়ে ইরান প্রণালিটি দিয়ে চলাচলের আগে জাহাজগুলোকে অনুমতি নিতে বাধ্য করে। যেসব জাহাজ এই নির্দেশ মানতে অস্বীকৃতি জানায়, সেগুলো নিয়মিত হামলার শিকার হয়। এর বিপরীতে যুক্তরাষ্ট্র প্রতিশোধ হিসেবে ইরানের উপকূলীয় এলাকায় মাঝে মাঝে বোমা হামলা চালায়।