নিউজ ডেস্ক
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬), রাত ৮টা ৩২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ভারতের দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, ভারত গণতন্ত্রের জননী এবং দেশটিতে মুক্ত বিতর্কের পরিবেশ বিদ্যমান। সোমবার (১২ অক্টোবর) আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি দেশের ডিজিটাল শক্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী জানান, ভারতে ১০০টিরও বেশি ভাষা, প্রায় ৮০ হাজার নিবন্ধিত সংবাদপত্র ও প্রকাশনা এবং ১ হাজারটিরও বেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রয়েছে। এছাড়া সমাজমাধ্যমের যুগে ভারতে ৫০ কোটিরও বেশি ইউটিউব ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী সক্রিয় রয়েছেন। তিনি বলেন, দেশের জনগণ বিভিন্ন বিষয়ে খোলামেলা বিতর্ক ও নানা দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করার সুযোগ পায়।
ডিজিটাল শক্তির ভূমিকার কথা উল্লেখ করে মোদি বলেন, বর্তমান সমাজে ডিজিটাল শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত নাগরিকদের শক্তিশালী করা, তাদের ব্যবস্থার ওপর নির্ভরশীল করে তোলা নয়। ভারত সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।
যাঁদের কাছে জ্ঞান, সম্পদ ও ক্ষমতা রয়েছে, তাঁরা কীভাবে সেগুলির ব্যবহার করেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষমতার প্রকৃত মূল্য নিহিত থাকে তার উদ্দেশ্যের মধ্যে। বর্তমান সময়ে এই দর্শনটি বোঝা অত্যন্ত জরুরি।
প্রধানমন্ত্রী আরও জানান, ভারতের হাজার বছরের ঐতিহ্য নাগরিকদের এই শিক্ষাই দিয়েছে এবং দেশটিতে তার প্রয়োগও দেখা যাচ্ছে। ক্ষমতার সঠিক ব্যবহারের ওপর জোর দিয়ে তিনি বলেন, জ্ঞান ও সম্পদের সঠিক ব্যবহারই একটি দেশের প্রকৃত শক্তির উৎস। অনুষ্ঠানে বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র-সংবাদ প্রতিদিন