মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বুধবার (৭ অক্টোবর)
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকায় অবৈধভাবে পরিচালিত তিনটি করাতকলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বন বিভাগের লাইসেন্স না থাকা এবং চেরা কাঠের হিসাব সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদ বিন আখন্দের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, আধুনগর বাজার এলাকায় লাইসেন্সবিহীন করাতকল পরিচালনার দায়ে হেলাল উদ্দিন সমিলকে ৫ হাজার টাকা, রেজাউল সমিলকে ৮ হাজার টাকা এবং জামাল সমিলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বন বিভাগের বিধিমালা-১২ অনুযায়ী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি বন রেঞ্জ কর্মকর্তা মো. আবীর হাসান, সাতগড় বনবিট কর্মকর্তা বজলুর রশিদ, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন এবং লোহাগাড়া থানার এএসআই আলা উদ্দিনসহ বন বিভাগের কর্মকর্তা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ বিন আখন্দ বলেন, “পরিবেশ সুরক্ষা ও বনজ সম্পদ রক্ষায় অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”