স্টাফ রিপোর্টার, যশোর
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা ৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী (৬০)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় মাথায় গুরুতর জখম হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয় এবং মাথায় ৪টি সেলাই দিতে হয়। বর্তমানে তিনি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন।
সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হামলার বিষয়ে গ্যারেজ মালিক হৃদয় অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে মেকানিক জাহাঙ্গীর তাকে মুঠোফোনে জানান, অভিনেতা সমু চৌধুরী মা-বোন তুলে গালিগালাজ করায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, “ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। জড়িতদের আটকে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”