সংবাদদাতা, সুনামগঞ্জ
সোমবার (২ নভেম্বর), ২০২৬ | সন্ধ্যা ৬টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মরমী সংগীতের কিংবদন্তি ও ‘জ্ঞানের সাগর’ খ্যাত বাউল সাধক দুর্বিন শাহের ১০৫তম জন্মবার্ষিকী আজ। ১৯২০ সালের এই দিনে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই গ্রামের তারামনি টিলায় জন্মগ্রহণ করেন এই মরমী সাধক।
বাংলা মরমী সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এই গীতিকবি তাঁর গানে জীবন, মৃত্যু, স্রষ্টার সন্ধান ও মানবপ্রেমের দর্শন ফুটিয়ে তুলেছেন। পারিবারিক ঐতিহ্যের সূত্র ধরে ছোটবেলা থেকেই সংগীতের আবহে বেড়ে ওঠেন তিনি। তাঁর বাবা সফাত আলি শাহ ছিলেন সুফি সাধক এবং মা হাসিনা বানু ছিলেন পীরানী।
দুর্বিন শাহ বাউল, বিচ্ছেদ, আঞ্চলিক, গণসংগীত, মালজোড়া, জারি, সারি, ভাটিয়ালি, মারফতি, দেহতত্ত্বসহ বিভিন্ন ধারার অসংখ্য গান রচনা করেছেন। ১৯৬৭ সালে ইংল্যান্ড সফরে গিয়ে প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে গান গেয়ে তিনি ‘জ্ঞানের সাগর’ উপাধি লাভ করেন। তাঁর সফরসঙ্গী ছিলেন বাউল সাধক শাহ আব্দুল করিম।
তাঁর রচিত জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— ‘নির্জন যমুনার কূলে বসিয়া কদম্বতলে’, ‘আমার অন্তরায় আমার কলিজায়’, ‘বন্ধু যদি হইতো নদীর জল’ ও ‘তোমার মতো দরদী কেউ নাই’। ১৯৭৭ সালের ১৫ ফেব্রুয়ারি ৫৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল বলেন, “জ্ঞানের সাগর মরমী গীতিকবি, বাউল সাধক দুর্বিন শাহ’র ১০৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”