নিউজ ডেস্ক
শনিবার (১৭ অক্টোবর), রাত ৮টা ১১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া সাড়ে ৩ লাখ টাকা মূল্যের দুটি ডায়মন্ডের আংটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন আনসার সদস্যরা। শনিবার বিমানবন্দরের হেভি লাগেজের ৬ নম্বর গেট এলাকায় চেকিং শেষে স্ক্যানিং মেশিনের পাশে আংটি দুটি ফেলে যান অবসরপ্রাপ্ত মেজর নুর-ই-আলম সিদ্দিকী। পরে আনসার সদস্যদের সততায় তিনি মূল্যবান অলংকারগুলো ফিরে পান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বরত নারী আনসার সদস্য রুনা আক্তার ও আনসার মো. নাসির উদ্দীন মালিকবিহীন আংটি দুটি পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন। এরপর নিরাপত্তা কর্মকর্তার (ডিএসও) নির্দেশনা অনুযায়ী রিং দুটি আনসার বাহিনীর হেফাজতে রাখা হয়।
পরবর্তীতে এভসেক মাইকিং শুনে প্রকৃত মালিক ঘটনাস্থলে ছুটে আসেন। তার দেওয়া বিবরণ ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে মালিকানা নিশ্চিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
পিসি নিজাম উদ্দিন, পিসি আলমগীর হোসেন এবং পিসি দোলন মিয়ার উপস্থিতিতে আংটি দুটি মালিকের কাছে হস্তান্তর করা হয়। আনসার সদস্যদের দায়িত্বশীলতা ও সততার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন মেজর (অব.) নুর-ই-আলম সিদ্দিকী।