উপজেলা প্রতিনিধি, শার্শা
শনিবার (১৭ অক্টোবর) ২০২৬, বেলা ১১টা ৪৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের শার্শায় অল্প টাকা জমা দিলে কয়েক দিনের মধ্যে তা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মাস্টারপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাবিবুর রহমান (৫০) ও বকুল হোসেন (৫০) এবং শার্শা উপজেলার রামপুর গ্রামের রেজাউল হোসেন (৬০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি বিশেষ দল বাগুড়ী গ্রামের আক্কাস আলী মাস্টারের বাড়িতে অভিযান চালায়। সেখানে ভাড়া থাকা ওই তিনজনের কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে নগদ টাকা ছাড়াও তিনটি স্মার্টফোন, এক হাজার টাকার নোটের আদলে তৈরি আটটি কাচের টুকরো, দুটি লালসালু কাপড়, দুটি লাল রঙের কাটিং সুতা ও একটি পুরোনো নীল হ্যান্ডব্যাগ জব্দ করে পুলিশ। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে শুক্রবার বিকেলে যশোর আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশের ভাষ্য, চক্রটি অল্প টাকা জমা দিলে কয়েক দিনের মধ্যে দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখাত। এ কাজে কাচের টুকরো, লাল কাপড় ও সুতা ব্যবহার করে তারা মানুষকে প্রলুব্ধ করত।