মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার (১৭ অক্টোবর ২০২৬), বিকেল ৫টা ০৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে জামাল উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে। ছেলের বিয়ে ও পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসাকে কেন্দ্র করে গত ১৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের নারিশ্চা দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জামাল উদ্দিন ওই এলাকার মৃত পেঠানের ছেলে।
জামাল উদ্দিন জানান, তাঁকে না জানিয়ে ছেলে বিয়ে করেন এবং সামাজিক রীতিনীতির তোয়াক্কা না করে পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসেন। এ বিষয়ে আপত্তি জানিয়ে তিনি ছেলেকে আলাদাভাবে থাকার পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর স্ত্রী ও ছেলে লোহার রড ও গাছের বাটাম নিয়ে তাঁর ওপর হামলা করেন বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার পর স্থানীয়রা জামাল উদ্দিনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
অভিযুক্ত স্ত্রী ও ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।