নিউজ ডেস্ক
সোমবার (৭ সেপ্টেম্বর) ২০২৬, সন্ধ্যা ৫টা ২০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলা চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রোববার (৬ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক ভাষণে তিনি এ সতর্কবার্তা দেন।
গালিবাফ বলেন, ‘সমানুপাতিক জবাব দেওয়ার সময় শেষ হয়েছে। ইরানের স্বার্থ ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব হবে আরও দ্রুত, আরও তীব্র ও আরও বেদনাদায়ক।’
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলা ছয় মাস ধরে চলা দুই দেশের সংঘাতের অবসান নিয়ে আলোচনার অচলাবস্থার মধ্যেই ঘটছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরান শক্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র দেশটির বন্দরগুলো ঘিরে পাল্টা অবরোধ চালিয়ে যাচ্ছে।
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই জানান, আগামী কয়েক দিনের মধ্যে হরমুজ প্রণালীর কাছে একটি ‘নিষিদ্ধ এলাকা’ ঘোষণা করবে তেহরান। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, এই এলাকা মার্কিন নৌবাহিনীর অবরোধের সীমারেখা থেকে শুরু হয়ে পারস্য উপসাগরের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত হবে। নতুন এই এলাকায় প্রবেশকারী যেকোনো জাহাজ ইরানের নিষেধাজ্ঞার তালিকায় থাকবে।
গত শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরান দুটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালালেও তা ব্যর্থ হয়। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট তিনটি তেলবাহী জাহাজে হামলা চালায়। এরপর ইরানও পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি জাহাজে আঘাত হানে।
ইরানের রেভল্যুশনারি গার্ড দাবি করে, হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করা একটি মার্কিন নৌ-ড্রোনে তারা হামলা চালিয়েছে। তবে সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করে এটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেন।
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট রোববার এবিসি’র ‘দিস উইক’ অনুষ্ঠানে বলেন, ইরান টিকে থাকার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, ‘তারা জানে তাদের পারমাণবিক কর্মসূচির সমাপ্তি আসন্ন। তাদের নৌবাহিনী ও বিমানবাহিনী সক্ষমতা হারিয়েছে।’