অভয়নগর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগর উপজেলায় দুই সপ্তাহ পার হলেও সন্তানসহ নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান না মেলায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।
নিখোঁজ গৃহবধূ রিমা খাতুন (১৮) উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত হানিফ শেখের ছোট ছেলে জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। গত ৮ সেপ্টেম্বর তিনি দুই বছর বয়সী ছেলেকে নিয়ে বাড়ি থেকে নিখোঁজ হন।
জাহাঙ্গীর হোসেন নওয়াপাড়া আইএফআইসি ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন। স্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় তিনি গত রোববার (২০ সেপ্টেম্বর) অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর-১৩৪৯।

জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি থেকে ব্যাংকের উদ্দেশে চলে যান। পরে সকাল সাড়ে ৯টার দিকে তার চাচাতো বোন মেঘলা খাতুন তাকে জানান, রিমা ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন।
জাহাঙ্গীর হোসেন বলেন, তিনি বাড়িতে ফিরে বিভিন্ন স্থানে এবং রিমার বাবার বাড়িতেও খোঁজাখুঁজি করেন। তবে কোথাও তার সন্ধান পাননি।
রিমা খাতুন বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামের সোহরাব মোল্লার মেয়ে। তার সঙ্গে থাকা দুই বছর বয়সী সন্তানও নিখোঁজ রয়েছে।
জাহাঙ্গীর হোসেনের দাবি, বাড়ি থেকে যাওয়ার সময় রিমা তার ও ছেলের দুটি আংটি, যার মোট ওজন আনুমানিক ১২ আনা এবং মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা, সঙ্গে নিয়ে যান। এছাড়া নগদ ৯০ হাজার টাকাও নিয়ে যাওয়ার কথা জানান তিনি।
জাহাঙ্গীর হোসেন আরও দাবি করেন, তার অগোচরে রিমা প্রায়ই মোবাইল ফোনে অন্য কারও সঙ্গে কথা বলতেন। এ কারণে তিনি পারিবারিক কোনো বিষয়ের পাশাপাশি অন্য কোনো ঘটনা বা পথে কোনো বিপদের আশঙ্কাও করছেন।
ইতোমধ্যে দুই সপ্তাহ পার হলেও রিমা খাতুন ও তার সন্তান বাড়িতে ফিরে আসেননি। রিমার ব্যবহৃত মোবাইল নম্বরেও (০১৯৪৩-২৬৬৬৭১) ফোন করে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কোনো ব্যক্তি নিখোঁজ গৃহবধূ রিমা খাতুন ও তার সন্তানের সন্ধান পেলে ০১৯১৫-১০৭২৫৩ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।