অভয়নগর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী এবং মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভৈরব ব্রিজসংলগ্ন এলাকায় একটি অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হন। তাঁরা হলেন দেয়াপাড়া গ্রামের মঈন বিশ্বাসের ছেলে আব্দুস সামাদ বিশ্বাস (৫০) এবং হায়দার আলীর ছেলে আব্দুল ওহাব (৫৫)।
দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহ আল আপন নামে এক তরুণ নিহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা প্রতিবেশী হোসেন আলী গুরুতর আহত হন। তাঁকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপন নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকারা এলাকার ওবায়দুর রহমানের ছেলে। মঙ্গলবার রাতে হোসেন আলীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন তিনি।
নওয়াপাড়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বুধবার সকালে ভ্যান দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মোটরসাইকেল দুর্ঘটনায় আরেকজন নিহত হওয়ার বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন।