ফাতেমা আক্তার তোয়া।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (এফএসএসএস) অধীন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (এমসিজে) আয়োজিত ‘ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবিক মর্যাদার চ্যালেঞ্জ: বাংলাদেশের প্রেক্ষাপটে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত বিইউপির স্বাধীনতা অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। সেমিনারে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বিইউপির প্রো-ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মো. নাঈম আশফাক চৌধুরী (অব.)।
আলোচক হিসেবে অংশ নেন ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান (অব.), বিইউপির আইন বিভাগের সহকারী অধ্যাপক প্রীতি কণা শিকদার এবং একই বিভাগের সহকারী অধ্যাপক ওয়াকিলা হোসেন।
সেমিনারে জাতীয় নিরাপত্তার জন্য ভুল তথ্য (Misinformation) ও অপতথ্যের (Disinformation) হুমকি, রাষ্ট্র ও গণমাধ্যম প্রতিষ্ঠানের নৈতিক ও আইনগত দায়িত্ব, তরুণদের ওপর এর মনোসামাজিক প্রভাব এবং গণমাধ্যমবিষয়ক সচেতনতা ও দায়িত্বশীল তথ্যচর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তথ্যগত স্থিতিশীলতা ও সক্ষমতা জোরদারে বিভিন্ন বাস্তবসম্মত কৌশল তুলে ধরেন আলোচকেরা।
সমাপনী বক্তব্যে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম আমন্ত্রিত অতিথি ও আলোচকদের মূল্যবান এবং গঠনমূলক বক্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিইউপি প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে ভবিষ্যতেও সময়োপযোগী এ ধরনের সেমিনার আয়োজন অব্যাহত থাকবে।
এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।