ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। ফলে দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে আগামী শনিবার, ২১ মার্চ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।
সভা শেষে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয় ও মাঠপর্যায়ের অফিস, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
এই অবস্থায় শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ওই দিনই সারাদেশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির কার্যক্রম পরিচালনা করে ইসলামিক ফাউন্ডেশনের দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ। ১৭ সদস্যের এই কমিটির বৈঠক আরবি মাসের প্রতি ২৯ তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে চাঁদ দেখার তথ্য যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়।