ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ বছর এখন পর্যন্ত ১৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। একই সময়ে বাংলাদেশ থেকে ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
শনিবার প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১১ জন পুরুষ ও চারজন নারী। তাদের মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় চারজনের মৃত্যু হয়েছে। তবে জেদ্দা, মিনা, আরাফা কিংবা মুজদালিফায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৯০৩ জন।
এ পর্যন্ত মোট ১৫০টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭৫টি ফ্লাইটে ২৯ হাজার ৭০৪ জন, সৌদি এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ১৯ হাজার ৭৮৪ জন এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।
চলতি বছরের হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ১৮ এপ্রিল। এই কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।