নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শুক্রবার (২৪ জুলাই) ২০২৬, দুপুর ১২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
খুলনার পাইকগাছায় রান্নার সময় সবুজ হয়ে যাওয়া গরুর মাংসের কাঁচা ও রান্না করা নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মাংসের রং পরিবর্তনের কারণ অনুসন্ধানে এগুলো ল্যাবরেটরিতে পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বুধবার পাইকগাছা পৌর এলাকার মডার্ন বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য কেনা গরুর মাংস রান্না করতে গিয়ে সেটি সবুজ হয়ে যাওয়ার অভিযোগ করেন। পরে রান্না করা মাংসভর্তি কড়াই নিয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও থানায় যান। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
পাইকগাছা উপজেলা মেডিক্যাল টেকনোলজিস্ট (স্যানিটারি ইন্সপেক্টর) উদয় কুমার মণ্ডল বলেন, ঘটনার খবর পেয়ে মাংস ফেলে দেওয়ার আগেই তিনি রান্না করা মাংসের নমুনা সংগ্রহ করেন। পরে মাংস বিক্রেতার দোকানের ফ্রিজে থাকা প্রায় ৬০০ গ্রাম কাঁচা মাংসও জব্দ করা হয়। বৃহস্পতিবার কাঁচা ও রান্না করা উভয় ধরনের নমুনা খুলনার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন, “এ ধরনের ঘটনা আগে কখনো দেখিনি। বিষয়টি আমাদের কাছেও নতুন। কাঁচা ও রান্না করা—দুই ধরনের মাংসের নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে। তবে নমুনা কোন ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি।”
মোকলেছুর রহমান আরও বলেন, “রোববার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে কোন ল্যাবে পরীক্ষা করা সম্ভব এবং কী কী বিষয় পরীক্ষা করতে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মাংস পচে গেলে এভাবে সবুজ হওয়ার কথা নয়। আমার ধারণা, কোনো একটি পদার্থ মাংসের প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে সবুজ রঙের সৃষ্টি করেছে। পরীক্ষার ফল ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।”
মডার্ন বেকারির কর্মচারী লিটন হোসেন বলেন, “আমরা ওই মাংস আর খাইনি। প্রশাসনকে জানিয়ে ফিরে এসে ফেলে দিয়েছি। এখন শুনছি নমুনা পরীক্ষা হবে, দেখি ফল কী আসে।”